এক বছরেও রক্ষা হয়নি প্রতিশ্রুতি, সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের

হাসপাতাল চালুর পূর্বঘোষিত প্রতিশ্রুতি নির্ধারিত সময়েও বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন আরও জোরদার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের নবম দিনে তারা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তা এলাকায় মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, তাদের অনেকেরই চিকিৎসাশিক্ষার শেষ পর্যায় চলছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ও ওয়ার্ড ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, “শুধু বই পড়ে ডাক্তার হওয়া সম্ভব নয়। হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়া আমরা দক্ষ চিকিৎসক হতে পারব না। এতে আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াব।”

আরেক শিক্ষার্থী তামিমা রহমান বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নশিপের সুযোগ থেকে বঞ্চিত। ফলে তারা কেবল তাত্ত্বিক জ্ঞান নিয়েই এগিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

তিনি বলেন, “আজ আমাদের আন্দোলনের নবম দিন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি, এমনকি আমরণ আন্দোলনেও যেতে বাধ্য হব।”

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজ ভবন ও আবাসিক ভবন চালু হলেও মেডিকেল কলেজ হাসপাতাল এখনো চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ব্যবহারিক চিকিৎসাশিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন না।

এর আগে ২০২৫ সালে একই দাবিতে আন্দোলনের পর সরকার সুনামগঞ্জ সদর হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়। বর্তমানে শিক্ষার্থীরা মদনপুর ক্যাম্পাস থেকে জেলা সদরে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করছেন। তবে নিজস্ব মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় ইন্টার্নশিপসহ পূর্ণাঙ্গ চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, হাসপাতাল ভবনের নির্মাণকাজ এক বছরেরও বেশি আগে শেষ হয়েছে। গত বছরের আন্দোলনের সময় সরকার এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাসপাতাল চালুর কার্যকর উদ্যোগ না নেওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে সুনামগঞ্জ-সিলেট, সুনামগঞ্জ-জামালগঞ্জ ও সুনামগঞ্জ-দিরাই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *