পিপলস নিউজ রিপোর্ট: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাঁদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস রিয়াদ–এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে, তাঁদের ১৮ এপ্রিলের আগে সৌদি আরব ত্যাগের সুযোগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গিয়ে দেশত্যাগ করা যাবে। এ সময়ের মধ্যে ভিসার মেয়াদ বাড়ানো বা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবেন সংশ্লিষ্টরা।
দূতাবাস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশটি ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। এজন্য মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের ১৮ এপ্রিলের আগেই সৌদি আরব ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।






