পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুরের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের লিগ্যাল টিমকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই দ্রুত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। নিয়ম অনুযায়ী আপিল বিভাগের চেম্বার আদালতে যেতে হয়। কাগজপত্র পেলেই আমাদের টিম আদালতে আবেদন করবে।’
এর আগে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘নির্বাচনী ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর শোকের কারণ। অথচ রক্তের দাগ শুকানোর আগেই প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে—তাহলে মানুষের নিরাপত্তা কোথায়?’
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে আরও উৎসাহিত করবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, আজ সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।






