পিপলস নিউজ রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক নিয়ে যতবার বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। তিনি বলেন, বিএনপি আবারও মানুষের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চায়।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।
পথসভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে শিবগঞ্জসহ বগুড়ার উন্নয়নে কাজ করবেন।
পথসভা শুরুর আগে তারেক রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশে রওনা দেন।






