পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কারও লাল চোখকে ভয় করি না। আমরা কারও ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।’
শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
উত্তরাঞ্চলের নদীগুলোর অবস্থা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের নদীগুলোকে মেরে ফেলা হয়েছে। আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবনও ফিরে আসবে।’
তিনি বলেন, ‘আমরা দুর্নীতি ও চাঁদাবাজি রুখে দেব। আমরা কাউকে ভাতা নয়, কাজ দিতে চাই। আপনাদের কাজ দেব, আপনাদের সম্পদে পরিণত করতে চাই।’
মানসম্মত স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, ‘এই মাটিকে আমরা ভালোবাসি। সে কারণেই শত জুলুম-নির্যাতনের পরও আমরা দেশ ছেড়ে কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়েই পথ চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
জনসভা শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০–দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে এই পাঁচটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই।
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারাই আমাদের উপহার দেবেন।’






