পিপলস নিউজ রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়ে গেছে। সে কারণে তারা জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়াচ্ছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা–১১ আসনে কোনো চাঁদাবাজ বা ভূমিদস্যুর স্থান হবে না। আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এত মানুষ জীবন দিয়েছে।’
তিনি আরও বলেন, যারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে, তারা যেন সে স্বপ্ন ভুলেও না দেখে। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব। বিজয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরব। বন্দুকের গুলি খেয়েও আমরা পিছু হটিনি, ভোটকেন্দ্র থেকেও পিছু হটব না।
ঢাকা–১১ আসনের নানা সমস্যা তুলে ধরে এনসিপির এই আহ্বায়ক বলেন, এ এলাকা দীর্ঘদিন ধরে ট্রাফিক সমস্যা, চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় জর্জরিত। সরকার গঠন করতে পারলে এসব সমস্যা থেকে এলাকা মুক্ত করা হবে।
সমাবেশে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে রামপুরার দিকে একটি গণমিছিল বের করা হয়।
টিআই






