পিপলস নিউজ রিপোর্ট: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুন) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে হাসপাতালের দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ৪ জুন হাসপাতালটিকে লাইসেন্স বাতিল না করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সময় বৃদ্ধির আবেদন করলে ৯ জুন পর্যন্ত সময় দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব ও ব্যাখ্যা পর্যালোচনা করে তা সন্তোষজনক না পাওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিভিন্ন দিক উঠে আসে।






