৫ আগস্টের পর রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা: টিআইবি

পিপলস নিউজ রিপোর্ট: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে, ৫ আগস্টের পর সংঘটিত রাজনৈতিক সহিংসতার ৯১ দশমিক ৭ শতাংশ ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। একই সময়ে সংঘটিত সহিংস ঘটনার মধ্যে ২০ দশমিক ৭ শতাংশে আওয়ামী লীগ, ৭ দশমিক ৭ শতাংশে জামায়াতে ইসলামী এবং ১ দশমিক ২ শতাংশ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ‘স্বৈরাচারের পতনের দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি রাজধানীতে টিআইবি’র সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়।

গবেষণায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে সারা দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনায় ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭ হাজার ৮২ জন আহত হয়েছেন।

টিআইবি জানায়, এসব ঘটনার মধ্যে ৫৫০টিতে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। পাশাপাশি ১২৪টি ঘটনায় আওয়ামী লীগের সদস্যরা এবং ৪৬টি ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির মতে, সরকার পতনের পর আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমের দখল নেওয়ার চেষ্টা ঘিরেই সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এর মধ্যে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেট অঞ্চলে পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন, পাশাপাশি ব্রিজ, বাজার, ঘাট, বালুমহাল ও জলাশয়ের ইজারা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা উল্লেখযোগ্য।

গবেষণায় আরও বলা হয়, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা অনেক ক্ষেত্রেই কার্যকর ছিল না। সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত নিজ দলের কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *