পিপলস নিউজ রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রণীত ‘এসবিএমসি প্রশ্নব্যাংক’ ৫৬তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলেজের ৪ নম্বর গ্যালারিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবাচিমের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হানিফ হাওলাদার। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. সাবরিনা তাইমী ও ডা. খাজা আহমেদ এবং ফিজিওলজি বিভাগের ডা. ফাহমিদা ফারুক তিথি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের যুগ্ম সদস্য সচিব এবং শেবাচিমের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ মুনাজ।
শুভেচ্ছা বক্তব্যে ডা. চন্দনা সরকার বলেন, একসময় শিক্ষার্থীদের কোন প্রশ্নব্যাংক কিনবে, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন নিজস্ব কলেজভিত্তিক প্রশ্নব্যাংক থাকায় সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।
অধ্যাপক ডা. হানিফ হাওলাদার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের যুগ্ম সদস্য সচিব ইশতিয়াক আহমেদ মুনাজ বলেন, ইনকিলাবের একাডেমিক উইংয়ের পরিকল্পনা, নিরলস প্রচেষ্টা ও সম্মিলিত শ্রমের ফলেই এই প্রশ্নব্যাংক প্রকাশ সম্ভব হয়েছে। তাঁর আশা, এই উদ্যোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফার্স্ট ফেইজের শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করবে।
৫৬তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ ইউসুফ জিসান বলেন, প্রশ্নব্যাংক হাতে পাওয়ায় কার্ড-টার্ম পরীক্ষার আগে আলাদাভাবে প্রশ্ন সংগ্রহের ঝামেলা অনেকটাই কমবে। এ উদ্যোগের জন্য তিনি ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানান।






