পিপলস নিউজ রিপোর্ট: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথম দিনেই বিএনপিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে তাঁর উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। যোগদানের পর থেকেই তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় দলটির বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন।
পাশাপাশি তিনি কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১০–দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার তিনি ঢাকা–১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। একই সঙ্গে নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, ‘দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকে আহ্বান জানিয়েছি।’
এ সময় জামায়াতে ইসলামীর সহশ্রাম–ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেলে শুরু হওয়া এই যোগদান কর্মসূচি শনিবার বিকেলেও চলবে।






