পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)–এর বহির্বিভাগে ভিড় এড়াতে চালু করা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) অনলাইন টিকিটের মাধ্যমে বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় দুই হাজার রোগী। এদিন মোট ১ হাজার ৯১১ জন রোগী অনলাইনে টিকিট কেটে চিকিৎসা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এসব রোগী বিএমইউর বহির্বিভাগ–১ ও বহির্বিভাগ–২ থেকে চিকিৎসাসেবা নেন। রোগীরা বিএমইউর ওয়েবসাইট www.bmu.ac.bd–এর
মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এ সেবা পাচ্ছেন। ফলে বহির্বিভাগের টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি অনেকাংশে কমেছে।
এ বিষয়ে বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বলেন, সম্মানিত রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টিকিট প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে অনুরোধ করা হচ্ছে। প্রিন্ট করা টিকিট নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিত কক্ষে সরাসরি উপস্থিত হলে সহজেই চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
তিনি আরও বলেন, এতে রোগীদের সময় সাশ্রয় হবে এবং বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসা নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। কর্তৃপক্ষ আশা করছে, অনলাইন টিকিট ব্যবস্থার ব্যবহার বাড়লে বহির্বিভাগে রোগীদের ভিড় ও দুর্ভোগ আরও কমে আসবে।






