বন্ধ চিনিকল চালু করে উত্তরবঙ্গ ঘুরে দাঁড় করানো হবে: শফিকুর রহমান

পিপলস নিউজ রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ও দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের ভেতরেই আমাদের কার্ড রাখতে চাই।’

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোটের আয়োজনে নির্বাচনি প্রচারণা সমাবেশে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চাই। এত দিন স্লোগান ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া। এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ।’

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তিনি বক্তৃতা দিতে নয়, সাক্ষী হতে এসেছেন। তাঁর ভাষায়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র ছিল না, বরং দরিদ্র করে রাখা হয়েছে। তিনি বলেন, ‘উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না। কাজ সৃষ্টি করে দিতে চাই।’

নদী প্রসঙ্গে তিনি বলেন, নদী আল্লাহর দান। অথচ চারটি নদী শুকিয়ে গেছে। এ দেশের কি মা–বাবা ছিল না—প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে নদীগুলো মরে গেল কেন?

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন এলেই কুহু কুহু করে ডাকে। কিন্তু আমরা সব সময় আপনাদের সঙ্গে ছিলাম।’ তিনি দাবি করেন, দলটি দেশ ও জনগণকে ছেড়ে কোথাও যায়নি এবং শত নির্যাতনের মধ্যেও জনগণের পাশে ছিল।

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরবঙ্গকে নতুন করে গড়ে তোলা হবে। দেশের ৬৪ জেলায় ৬৪টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন তিনি। অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়। এই টাকা ফিরিয়ে আনা হবে।

সমাবেশে তিনি বলেন, জনগণ সুযোগ দিলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও টাকা পাচার বন্ধ করা হবে। বক্তব্যের শেষ দিকে তিনি আগামী ১২ তারিখে ‘সত্যের বিজয়’ কামনা করে দোয়া করেন।

টিআই/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *