নরসিংদীতে ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান, যোগ দেবেন আরও ৩০০ নেতাকর্মী

পিপলস নিউজ রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ উপলক্ষে নরসিংদী জেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া আগামী সোমবার আরও প্রায় ৩০০ নেতাকর্মী দলটিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী জেলা পেশাজীবী ফোরামের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বরণের ছবি প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নরসিংদী-১ আসনে জামায়াতের প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া বলেন, হামিদুর রহমানের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদী।

নিজের প্রতিক্রিয়ায় হামিদুর রহমান বলেন, ইসলামী সংগঠনগুলো ইসলামি দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশও একটি ভালো সংগঠন। তবে ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে অন্যান্য দলের টানাপড়েন, ছোটখাটো ভুল ছাড় দিতে না পারা এবং ‘এক বক্স নীতি’ থেকে সরে যাওয়ার কারণে তিনি ও তাঁর অনুসারীরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে আরও প্রায় ৩০০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *