পিপলস নিউজ রিপোর্ট: জাতীয় রাজনীতিতে বিদেশনির্ভরতার সমালোচনা করে জাগপা নেতা রাশেদ প্রধান বলেছেন, ‘নতুন ইমাম বারবার বলেন—দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ। কিন্তু সাধারণ মানুষ শোনে—দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে লন্ডন।’ তিনি বলেন, দেশে আসার আগে যারা দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোটের আয়োজনে নির্বাচনি প্রচার সমাবেশে এসব কথা বলেন রাশেদ প্রধান।
রাশেদ প্রধান বলেন, ১০ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে ছয় বছরের নিচে শিশু ও ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় এলে পঞ্চগড়ের বন্ধ চিনিকল আবার সচল হবে।
পঞ্চগড়ের দুই আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শাপলা কলি ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে। ডা. শফিকুর রহমানের বয়স ও চেহারা প্রসঙ্গে তিনি বলেন, চুল ও দাড়ি সাদা হলেও তিনি তাঁদের চেয়েও তরুণ মানসিকতার নেতা।
জাগপার এই মুখপাত্র আরও বলেন, ‘আমাদের প্রথম ঈমানি দায়িত্ব গণভোটে “হ্যাঁ” ভোটকে জয়যুক্ত করা। দ্বিতীয় ঈমানি দায়িত্ব হলো শাপলা কলি ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করা।’ তিনি দাবি করেন, ডা. শফিকুর রহমান দেশের ধনী অঞ্চল নয়, বরং পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকে প্রচার শুরু করেছেন।
বক্তব্যে তিনি বিদেশ থেকে আসা নেতৃত্বের সমালোচনা করে বলেন, অতীতের সরকার ১০ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন নতুন করে কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ আর এসব ‘কার্ডের খেলায়’ বিশ্বাস করে না। তিনি আল্লামা সাঈদী (রহ.)–এর একটি উক্তি উদ্ধৃত করে বলেন, অতিরিক্ত লাফালাফির পরিণতি কী হতে পারে, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।






