পিপলস নিউজ রিপোর্ট: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরসহ বিভিন্ন এলাকার বিএনপির ১১ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জি. শফিকুল ইসলাম, হযরত আলী ও আবু ছায়েদ; নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু ও এ কে এম হাবিবুর রহমান খায়ের; নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা; শ্যামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম এবং নবীনগর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক ভূইয়াকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল হক ভূইয়া কচি, আব্দুল হাই এবং ইউনিয়ন বিএনপির সদস্য সাজিদুল হক মিল্টনকেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






