স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সময়ের আগেই অফিস ত্যাগ করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপপরিচালক (পার-২) ডা. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীর অনিয়ম সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর স্পষ্ট ব্যত্যয়। এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, সাধারণ জনগণ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কোনো কোনো প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে নিয়মিত মনিটরিং ও পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত প্রতিবেদন নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।






