পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর দুইটায় এ মতবিনিময় সভা শুরু হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
তিনি বলেন, বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে একটি জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যেই ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এই আয়োজন করা হয়েছে।
মাহাদী আমীন জানান, অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে অংশ নেবেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি এর আগে বাংলাদেশের নীতি প্রণয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন, যা দেশব্যাপী ইতিবাচক সাড়া পেয়েছে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাব রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের ওপর এক মিনিটের রিল তৈরি করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী এতে অংশ নেন। জনমতের ভিত্তিতে ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের মূল্যায়নে ৭০ শতাংশ নম্বরের ভিত্তিতে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। তাঁরা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলাপের সুযোগ পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে মাহাদী আমীন জানান, নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার, নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সম্পর্কে তথ্য দেওয়া এবং ভোটারদের অভিযোগ ও মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করা হয়েছে। শহর ও গ্রাম—উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।
এ সময় তিনি সতর্ক করে বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ দাবি করছে। তিনি জানান, নারীর ক্ষমতায়ন ও কৃষকের সমৃদ্ধির লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে প্রকৃত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে দলকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।






